Romanticism:
What is Romanticism in English Literature?
A Rob Prodhan, Assistant Professor, Mohammadpur Kendriya Mohila College
বিশিষ্ট বুদ্ধিজীবীরা রোম্যান্টিসিজমের সাথে নিষিদ্ধ সম্পর্ক খুঁজে পেয়েছেন অনেক দার্শনিকেরই, যেমন স্পিনোজা, ব্যুমা, ব্রুনো অথবা শেলিং। তবে সকল স্বাক্ষ্য প্রমাণ বিবেচনায় রেখে রোম্যান্টিসিজম উৎপাদন, বিতরণ আর প্রচারনার জন্য যাকে ফাইনালি অভিযুক্ত করা হয়েছে তার নাম রুশো। ভাবতে ভালো লাগে, যে-ঝগড়াঝাটি দিয়ে রুশো রোম্যান্টিসিজমের জন্ম দিয়েছিলেন তা ছিলো সংগীত নিয়ে। মুরুব্বী গম্ভীর ফরাসি অপেরার বিরুদ্ধে প্রাণ হুল্লোরে ভরা ইটালীয়ান অপেরার পক্ষে যুদ্ধে নেমেছিলেন তিনি। তার বিশ্বাস পরে তিনি সংক্রমিত করেছেন শিক্ষা হয়ে সাহিত্য পর্যন্ত। সোজা শব্দে রোম্যান্টিসিজম হচ্ছে ক্লাসিক্যালের বিরুদ্ধচারণ। যেখানে ক্লাসিক্যাল হচ্ছে নিয়ম কানুন, সমাজ, শহর, বুদ্ধি আর বশ্যতা, রোম্যান্টিসিজম হচ্ছে বেড়া ভাংগার আঘাত, ব্যাক্তি, প্রকৃতি, কল্পনা আর মুক্তি। রোম্যান্টিসিজম ভাববাদী দর্শন, যেমন বিটোফেন একজন রোম্যান্টিক সুরকার।
রোম্যান্টিসিজম এনলাইটেনমেন্টের বাই-প্রোডাক্ট আর ইংরেজি সাহিত্য তার উতকৃষ্ট নমুনা। তাজ্জবের ব্যাপার এই যে, ইংরেজি সাহিত্যে রোম্যান্টিসিজমের প্রথম ওকালতি করেন রাজনৈতিক চিন্তায় রুশোর ঘোষিত শত্রু এডমান্ড বার্ক। বার্কের মতে কল্পনার গুঢ়তা হচ্ছে সাহিত্যের প্রাণ। গুঢ়তা জন্ম দেয় ভীতির আর ভীতি জন্ম দেয় মাহাত্মের। এজন্যে গরুর চোখ সুন্দর হলেও বন্য বাঘের বন্যতা সাহিত্যে বেশী মূল্যবান। কিন্তু বার্ক,- রুশোর ফরাসি বিপ্লবকে রোম্যান্টিক বিপ্লব হিসেবে না দেখে এটাকে এনলাইটেনমেন্টের সুচুন্তিত সন্ত্রাস হিসেবে ব্যাখ্যা করায় ইংরেজ রোম্যান্টিক কবিরা মূলত ব্লেক তাকে মানুষের দলেই ফেলতে নারাজ।
তবে রাজনৈতিক ভাবে চরম ঘৃনা করলেও, অগোচরে বার্কের মতো ব্লেকও বিশ্বাস করতেন কল্পনার পরমতম আস্বাদনে। আর এব্যাপারে ব্লেক এতটাই সৎ ছিলেন যে, টি এস এলিয়ট তার এই সততাকে বলেছেন 'terrifying'। জ্ঞানের মধ্যে একধরণের পাপাচার আর ভন্ডামি থাকে যা গুঢ় কল্পনায় থাকেনা। তাই মানুষের তৈরী সভ্যতা আর বিজ্ঞানে ব্লেক খুঁজে পেয়েছেন শয়তানের নির্বিচার বিচরণ। জ্ঞান নিয়ে ব্লেকের কবিতার সামনে দাঁড়ালে পুড়ে যাবার সম্ভাবনা প্রবল। বলা যায়, বার্ক যেখানে ছিলেন রোম্যান্টিক ডান, ব্লেক সেখানে ছিলেন পুরোদস্তুর রোম্যান্টিক বাম।