Showing posts with label বিশ্বসাহিত্য. Show all posts
Showing posts with label বিশ্বসাহিত্য. Show all posts

Tuesday, August 2, 2022

শিক্ষা

প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো। চীনারা ভেবেছিল এটার উচ্চতার জন্য কেউ টপকে তাদের আক্রমণ করতে পারবে না।

গ্রেট ওয়াল নির্মাণের প্রথম একশো বছরের মধ্যেই চীনারা তিন বার আক্রান্ত হয়। আশ্চর্যের বিষয় কোনোবারই আক্রমণকারীদের দেওয়াল টপকানোর বা ভাঙার প্রয়োজন হয় নাই। কারণ প্রত্যেকবারই আক্রমণকারীরা দেওয়াল পাহারারত রক্ষীদের উৎকোচ দিয়ে সামনের গেট দিয়ে ঢুকে গেছে। চীনারা অনেক পরিশ্রম করে মজবুত দেওয়াল তৈরি করেছিল। কিন্তু তারা দেওয়াল পাহারা দেওয়া রক্ষীদের চরিত্র মজবুত করার জন্য কোন পরিশ্রমই করেনি। 

তাহলে দেখা যাচ্ছে দেওয়াল মজবুত করার থেকে চরিত্র মজবুত করার প্রশ্নটিই আগে আসে। শুধু দেওয়াল মজবুত করার ফলাফল শূন্য।

তাই অনেক আগেই একজন প্রাচ‍্যদেশীয় দার্শনিক বলে গেছেন তুমি যদি কোন সভ্যতা ধ্বংস করতে চাও তাহলে তিনটি কাজ কর-

(ক) যে জাতিকে পদানত করতে চাও তার পারিবারিক গঠন আগে ধ্বংস করো। পারিবারিক গঠন ধ্বংস করতে হলে সংসারে মায়ের ভূমিকাকে খাটো করে দেখাও যাতে সে গৃহবধূ পরিচয় দিতে লজ্জাবোধ করে।

(খ) শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। এটা করতে হলে শিক্ষককে প্রাধান্য দিও না। সমাজে তার অবস্থান নিচু করে দেখাও যাতে তার ছাত্ররাই তাকে উপহাস করে।

(গ) তরুণ সমাজ যেন অনুসরণ করার মত কোন রোল মডেল না পায়। তাই তাদের জ্ঞানীদের নানাভাবে অপমান কর। রোল মডেলদের নামে অসংখ্য মিথ্যা কুৎসা রটাও যাতে তরুণ সমাজ তাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করে।

 (প্রাথমিক শিক্ষা সংবাদের ওয়াল থেকে নেয়া)

Saturday, October 23, 2021

তিতাস একটি নদীর নাম (গ্রন্থ সমালোচনা)

 Logo



পুস্তক পর্যালোচনা


তিতাস একটি নদীর নাম

অদ্বৈত মল্লবর্মন

C:\Users\DELWAR\Desktop\161 FTC\titas ekti nodir nam.jpg

পর্যালোচনায়

মোহাম্মদ দেলোয়ার হোসাইন

রোল নাম্বার - ০৪

১৬১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স

বিয়াম ফাউন্ডেশন, ঢাকা।




সূচিপত্র




বিষয়বস্তু

পৃষ্ঠা নাম্বার

পুস্তক পরিচিতি

০২

লেখক পরিচিতি

০৩-০৪

ভূমিকা

০৫

কাহিনী ও চরিত্র পর্যালোচনা

০6-০9

বর্ণনাশৈলী

10-১1

হাজার বছর ধরে আবহমান বাংলা

১2-১4

তিতাস নদীর সেকাল-একাল

১5-১6

তুলনামূলক বাংলা সাহিত্য

১7-১9

উপসংহার

20



        পুস্তক পরিচিতি

   


তিতাস একটি নদীর নাম



লেখকঃ

অদ্বৈত মল্লবর্মন


ধরণঃ

উপন্যাস

সম্পাদকঃ

শামস আলদীন

প্রকাশকঃ

মোঃ শাহ্‌ আলম সরকার

সমাচার

৩৭ পি কে রায় রোড

বাংলাবাজার, ঢাকা ১১০০


মুদ্রনঃ

গাউছিয়া প্রেস অ্যান্ড পালিকেশন্স

৪৫/খ রজনী চৌধুরী রোড

গেণ্ডারিয়া, ধাকা-১২০৪


প্রচ্ছদঃ

মশিউর রহমান




লেখক পরিচিতি

C:\Users\DELWAR\Desktop\161 FTC\Advaita_Mallabarmana.jpg

অদ্বৈত মল্লবর্মণ (১জানুয়ারি, ১৯১৪- ১৬ এপ্রিল, ১৯৫১)


অদ্বৈত মল্লবর্মণ  বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক। তিনি তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়িয়া মহকুমার গোকর্ণঘাট গ্রামে এক দরিদ্র ধীবর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল অধরচন্দ্র। ছোটোবেলায় পিতামাতাকে হারিয়ে তাঁর জীবন চরম দারিদ্র্যের মধ্যে অতিবাহিত হয়। পশ্চাৎপদ সমাজের অচলায়তন ভেঙে সাহসী পদক্ষেপে অভ্যাসগত অদ্বৈত মল্লবর্মণ বাংলা কথাসাহিত্যে আজ উজ্জ্বল একটি নাম।


শিক্ষা জীবন

তিনি ১৯৩৩ সালে বর্তমান ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদরে অবস্থিত অন্নদা উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ১ম বিভাগে ম্যাট্রিকুলেশন ডিগ্রী অর্জন করেন। এরপর কুমিল্লা জেলার ভিক্টোরিয়া কলেজে কিছুদিন আই,এ ক্লাসে অধ্যয়ন করেন।তবে মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। 

কর্মজীবন

১৯৩৪ সালে তিনি কলেজের পড়া ছেড়ে দিয়ে কেবল অর্থ উপার্জন ও জীবিকা নির্বাহের উদ্দেশ্যে কলকাতা গমন করেন। সেখানে মাসিক ‘ত্রিপুরা’ পত্রিকার সাংবাদিক হিসেবে শুরু করেন কর্মজীবন। এরপর ১৯৩৬ সালে ক্যাপ্টেন নরেন দত্ত পরিচালিত 'নবশক্তি' পত্রিকায় যোগ দেন তিনি।পত্রিকাটির সম্পাদক কবি প্রেমেন্দ্র মিত্রের সহকারী হিসেবে সহ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। নবশক্তি পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেলে তিনি মওলানা মোহাম্মদ আকরম খাঁ'র ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার সম্পাদকের সহকারী হিসেবে যোগদান করেন।এ সময়ে একই সঙ্গে দৈনিক আজাদ পত্রিকায় সাংবাদিকতা করেছিলেন তিনি। এছাড়াও, নবযুগ, কৃষক ও যুগান্তর পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং আমৃত্যু তিনি এ পদে বহাল ছিলেন।

রচনাসমগ্র

স্বল্পকালীন জীবনে অদ্বৈত মল্লবর্মণ বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করে গেছেন। এছাড়াও তিনি বহু শিশুপাঠ্য কবিতাও রচনা করেছেন।বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা বেরোলেও চল্লিশের দশকে মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু  সম্পাদিত 'এক পয়সায় একটি' গ্রন্থ সিরিজ আকারে লিখে তিনি বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিতাস একটি নদীর নাম তাঁর স্মরণীয় উপন্যাস।এই একটিমাত্র উপন্যাস দিয়ে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন।

 তাঁর রচিত অন্যান্য গ্রন্থসমূহ হচ্ছে - 

  • এক পয়সায় একটি (গ্রন্থ)

  • সাদা হাওয়া (উপন্যাস)

  • সাগরতীর্থে

  • নাটকীয় কাহিনী

  • দল বেঁধে  (গল্পগ্রন্থ)

  • রাঙামাটি

  • জীবনতৃষ্ণা  (অনুবাদঃ লাস্ট ফর লাইফ)

মৃত্যু

১৯৫১ সালের ১৬ এপ্রিল মাত্র ৩৭ বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কলকাতার নারকেলডাঙ্গার ষষ্ঠীপাড়ার নিজ বাড়িতে অদ্বৈত মল্লবর্মণ মৃত্যুবরণ করেন। 






ভূমিকা


‘তিতাস একটি নদীর নাম’ অদ্বৈত মল্লবর্মন রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যে নদীকেন্দ্রিক উপন্যাসের মধ্যে নিম্নবর্গ মানুষের আখ্যানসমৃদ্ধ ‘তিতাস একটি নদীর নাম’ অমরকীর্তি হিসেবে প্রতিষ্ঠিত। নদী অববাহিকায় বসবাসরত মৎস্যজীবী সম্প্রদায়ের কাহিনী বর্ণিত হয়েছে এ উপন্যাসে। ‘ধীবর’ বা ‘মালো’ সম্প্রদায়ের মানুষ হিসেবে অদ্বৈত মল্লবর্মন গভীর অন্তর্দৃষ্টিতে দেখেছেন এ সমাজের জীবনসংগ্রামের নিষ্ঠুর চিত্র। বলা যায়, প্রতিকূল সংঘাতে ক্রমে মুছে আসা ‘মালো’ জীবনের বাস্তব চিত্র তিনি আঁকতে সক্ষম হয়েছেন এ উপন্যাসে। 


নামের মত এ উপন্যাসও যেন ঠিক নদীর মতই বয়ে চলে। তিতাস নদীর স্রোতের অনুকূলেই এ উপন্যাস বয়ে চলেছে। তিতাসের তীরে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে থাকা কিছু গ্রাম, কিছু পরিবার আর কিছু মানুষ তাদের জীবনের প্রতিটা স্তরেই যেন তিতাসের হাতেই নিজেদের সমর্পণ করে দেয়। তাদের জীবন-জীবিকা, সুখ-দুঃখ, হাসি-খেলা, আনন্দ-উৎসব, বাঁচা-মরা সবকিছুই এই তিতাসকে ঘিরেই। তিতাস বেঁচে থাকলে তারাও বেচে থাকে, তিতাস ধুঁকতে থাকলে তারাও ধুঁকতে থাকে আর তিতাস শুকিয়ে গেলে সেসব মানুষ গুলোও যেন শুকিয়ে যায়। 

তাই "তিতাস একটি নদীর নাম" শুধু একটি উপন্যাস না। "তিতাস একটি নদীর নাম" একটি ইতিহাস। তিতাস নদীর ইতিহাস। মালোপাড়ার ইতিহাস। কৃষকদের ইতিহাস। হিংসা-বিদ্বেষ, সুখ-দুঃখের ইতিহাস। একটি বিস্তৃত জনপদের ইতিহাস।








কাহিনী ও চরিত্র পর্যালোচনা


‘তিতাস একটি নদীর নাম। তার কূলজোড়া জল, বুকভরা ঢেউ, প্রাণভরা উচ্ছ্বাস। স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়। ভোরের হাওয়ায় তার তন্দ্রা ভাঙ্গে, দিনের সূর্য তাকে তাতায়; রাতে চাঁদ ও তারারা তাকে নিয়া ঘুম পাড়াইতে বসে, কিন্তু পারে না’ এ কথাগুলো ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের শুরুতে লিখেছিলেন অদ্বৈত মল্লবর্মন। ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের বিষয়বস্তু নির্বাচন, চরিত্র এবং গল্প প্রকাশের ভঙ্গী র কারণে এ উপন্যাসের শ্রেষ্ঠত্ব সম্পর্কে সন্দেহের অবকাশ নেই। এই উপন্যাসের বিষয়বস্তু চারটি খণ্ডে বিন্যস্ত – 

১) তিতাস একটি নদীর নাম , প্রবাস খন্ড

২)  নয়া বসত , জন্মমৃতুবিবাহ

৩) রামধনু , রাঙা নাও

 ৪) দু-রঙ প্রজাপতি , ভাসমান ।

এ উপন্যাসের প্রথম খণ্ডের দুটো অনুচ্ছেদ- তিতাস একটি নদীর নাম এবং প্রবাস খণ্ড। দ্বিতীয় খণ্ডের দুটো অনুচ্ছেদ- নয়াবসত এবং জন্ম-মৃত্যু-বিবাহ। তৃতীয় খণ্ডের দুটো অনুচ্ছেদ- রামধনু এবং রাঙা নাও। চতুর্থ খণ্ডের দুটো অনুচ্ছেদ- দু’ রঙা প্রজাপতি এবং ভাসমান। প্রতিটি অনুচ্ছেদেই তিনি সমাজের নিন্মস্তরের মানুষের জীবন, জীবিকা তাদের সুখ-দুঃখ, হাসি-কান্নার চমৎকার বর্ণনা দিয়েছেন। আর এত সুন্দর বিশ্লেষণের কারণেই সু-পঠিত ও জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে কালজয়ী উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’। 

উপন্যাসের গঠন বিন্যাস সর্ম্পকে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন : উপন্যাসটির গঠন নির্দোষ নহে । উহার গঠন বিন্যাস এককেন্দ্রিক নহে , বহু স্তর বিভক্ত , উহার  প্রধান চরিত্রসমূহ বিভিন্ন  পর্যায় বিভিন্ন  ।  উহার ঘটনা পরণতিও নানা  বিচ্ছিন্ন , কিন্তু একভাব  সূত্র  গথিত আখ্যানের যোগফল  , কোন  বিশেষ  চরিত্রের অনিবার্য  ক্রমবিকাশাভমুখী  নহে । 

উপন্যাসের চরিত্রগুলোর উপস্থিতি যেন শুধুই তিতাসকে বইয়ের পাতায় জীবন্ত করে তুলবার জন্যই ব্যবহার হয়েছে। এ উপন্যাসের প্রধান দুটি চরিত্র হলো- বাসন্তি ও তিতাস নদী। বাসন্তি বৈরী শক্তির বিরুদ্ধে এক প্রতিবাদী চরিত্র এবং তিতাস নদী জেলে জীবনের উৎস ও প্রতীক। এ উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে কিশোর, সুবল, তিলক চাঁদ, বাসন্তী ও অনন্তর মা প্রধান। বাসন্তী এ উপন্যাসের অন্যান্য চরিত্রগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

‘তিতাস একটি নদীর নাম’ -এর চরিত্রগুলি গণমানুষের প্রতিনিধিত্ব করছে । এই উপন্যাস তাই এক বিরাট চরিত্র চিত্রশালা, তা গণজীবনের বিচিত্রা । এই জীবন নারী পুরুষ সব শ্রেণীর মানুষের সমাবেশে গঠিত । মালোদের প্রতিনিধি স্থানীয় চরিত্র কিশোর।  রোমান্টিক কিশোর  তিতাসের কলোচ্ছল প্রবাহের মতো উজ্জ্বল , সে চিরকিশোর । মন তার তরতাজা ,  হৃদয় তার  প্রেমে ভরপুর , পরোপকার প্রবৃত্তিতে তার প্রাণ উচ্ছ্বসিত । একদিকে তার সৌন্দর্যপিপাসু দৃষ্টি , অন্যদিকে মালো সমাজের মানুষের মঙ্গল করবার বাসনা – এই দুই দিকই ঔপন্যাসিক  চিত্রিত করেছেন নিপূণভাবে ।

সুবল কিশোরের সঙ্গী হিসেবে উপন্যাসে আবির্ভূত হলেও কিশোরের থেকে চরিত্রটি স্বতন্ত্র । তার বন্ধুপ্রীতি , ধর্মাধর্মবোধ , হিতাহিতজ্ঞান প্রভৃতি চরিত্রটিকে স্বতন্ত্র মর্যাদা দান করেছে । আবার কিশোর বালক অনন্ত মালোদের পরিবারচ্যূত প্রায় নিঃসঙ্গ এক বালক , যার পিতৃপরিচয সে জানে না । বাল্যকালে মাতৃহারা , অপরের দয়াদাক্ষিণ্যে যে মানুষ হয়েছে এমন এক শিশু সন্তান এই অনন্ত । তবুও অনন্তর চোখভরা বিস্ময় , এই বিস্ময় এই জগৎ ও জীবন সম্পর্কে । অনন্ত ‘পথের পাঁচালী’র অপুর মত রোমান্টিক দ্রষ্টা  । দু’জনের দৃষ্টিতে প্রকৃতি ও মানুষ অভিন্নভাবে ধরা দিয়েছে । তিতাসের অনন্ত  প্রবাহের সংকেত হল অনন্ত । এই জীবনপ্রবাহের সূত্রে এসেছে অনন্তর কাছে অনন্তবালা । নিপূণ এই বুনন অদ্বৈতের । এই অনন্তর মাধ্যমে সামাজিক পরিবর্তনের দিকটিকে স্পষ্ট করেছেন অদ্বৈত । এই পরিবর্তন জীবন ও জীবিকার ক্ষেত্রে , অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে ।

তিতাসের নায়িকা দু’জন – তাদের একজনের উপস্থিতি নামহীন , অন্যজনের উপস্থিতি নামমাত্র ।  নারী হিসেবে তারা ব্যক্তিত্বহীন নয় – তাদের কার্যকলাপও কাহিনীতে নেই এমন নয় , কিন্তু তারা হয়ে উঠেছে অনন্তর মা, এবং সুবলার বউ অনন্তর মাসী- বাসন্তি ।

মালোদের লোকসংস্কৃতির স্বরূপ জীবন্তরূপ পেয়েছে এই উপন্যাসে । লোকসংস্কৃতি, মাঘমন্ডলের ব্রতের গান (লও লও সুরজ ঠাকুর লও তোষের জল, / মাপিয়া জুখিয়া দিমু সপ্ত আঁজল ।) , লোকসংস্কার , লোকবিশ্বাস প্রভৃতি উপন্যাসে উপস্থাপিত হয়েছে চরিত্রের সঙ্গে সাযুজ্য রেখে । যেমন , শ্রাবণ মাসে মনসাপূজাকে কেন্দ্র করে মালোপাড়ার মেয়েরা এক অভিনব বিবাহের আয়োজন করে । এর নাম জালাবিয়া । নিজস্ব সংস্কৃতির প্রকাশে লোকভাষার ব্যবহারও তাৎপর্যপূর্ণ । যেমন – মাগন সরকারের কাছে কাদির জিজ্ঞাসা করবে – তার চোখে চোখ রাইখ্যা জিগামু – তার ইমানের কাছে জিগামু, আমার বাড়ির গোপাট দিয়া যাইবার সময় তারে বিনা খতে টাকা দিছি – সেই কথাটা মনে আছে কিনা ।

– যদি কয় মনে নাই?

– পারব না । মহুরী পারব না । আমার এই চোখের ভিতর দিয়া আল্লার গজব তারে পোড়াইয়া খাক করব । কি সাধ্য আছে তার, এই রক্ম দিনে ডাকাতি, হাওরে ডাকাতি করব?

এই উপন্যাসে লেখক তৎকালীন সমাজে প্রচলিত বিভিন্ন ...। বা অন্ধবিশ্বাসের কথা উল্লেখ করেছেন যেমন-

  • মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিস বিসর্জন দেওয়ার পরে পিছন ফিরে না তাকান

  • কারো সাথে বিয়ে ঠিক হওয়ার পর শাস্ত্রমতে বিয়ে না হওয়া পর্যন্ত বর-কনে পরস্পর দেখা না করা। কারন এতে অমঙ্গল হয়

  • শ্বশুরের মতো গুরুজনের নাম উচ্চারন না করা

  • বেঘোরে কেউ মারা গেলে তার আত্মার নাকি মুক্তি হয় না এবং তার প্রেতাত্মা মানুষের ক্ষতি করার জন্য সর্বদা সচেষ্ট থাকে ও রাতে ঘুরে বেড়ায়। ইত্যাদি

লেখকের প্রখর ইতিহাস চেতনার পরিচয় এই উপন্যাসের শেষে মালোদের অধিকার বজায় রাখার প্রসঙ্গে । তারাশঙ্করের ‘কালিন্দী’ উপন্যাসে কালিন্দীর জেগে ওঠা চরকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব তারই ভিন্ন রূপ পাই এই উপন্যাসে । তিতাসের চর জেগে ওঠার সঙ্গে সঙ্গে মালোদের তার উপর অধিকারের দিন শেষ হয়ে যায় । কারণ মালোদের অধিকার জলের উপর, জল শুকিয়ে গেলে সেই অধিকার তারা হারায় । উপন্যাসের শেষে তাই দেখা যায় মালোদের পরিণতির চিত্র:

_ অনেক মালো পরিবার গ্রাম ছাড়িয়া চলিয়া গিয়াছে । যারা আগেই গিয়াছে তারা ঘর দুয়ার জিনিসপত্র নৌকাতে বোঝাই করিয়া লইয়া গিয়াছে । যারা পরে গিয়াছে তারা ঘরদুয়ার জিনিসপত্র ফেলিয়াই গিয়াছে । তারা কোথায় গেল যারা রহিয়া গিয়াছে তারা জানিতেই পারিলো না । তারা কতক গিয়াছে ধানকাটায় ,  কতক গিয়াছে  বড় নদীর পারে । সেখানে বড় লোকেরা মাছ ধরার বড় রকমের আয়োজন করিয়াছে ।  মালোরা সেখানে খাইতে পাইবে আর নদীতে তাদের হইয়া  মাছ ধরিয়া  দিবে ।

অদ্বৈত মল্লবর্মন তার উপন্যাসটিতে শুধুমাত্র যে একটি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন সংগ্রাম তুলে এনেছেন তা নয়, বরং মানব জীবনের সাধারণ জীবন দর্শন ও ফুটিয়ে তুলেছেন অসাধারণ নৈপুণ্যের সাথে। বাসন্তী, কিশোর, সুবল কেই প্রথম দিকে মনে হয় কেন্দ্রীয় চরিত্র, অন্যান্য চরিত্র গুলো হয়ত এসেছে কাহিনীর প্রয়োজনে। এরপর এসেছে তিতাস এর অবিরত দানের কথা। এরপর থেকে যেন আস্তে আস্তে গল্পের মোড় ঘুরতে শুরু করল। কিশোর, সুবল, তিলক মিলে কোন্ গ্রামে গেল সেখান থেকেই শুরু। এরপর সময়ের প্রবাহে অনন্ত আসল, বাসন্তী বিধবা হল, গল্পের কাহিনী আগাতে থাকল। সময়ের সাথে শুধু যে চরিত্রের যোগ - বিয়োগ হল, তাতো নয়, মালোদের জীবন যাপনের পরিবর্তনও দৃষ্টি গোচর হওয়া শুরু করল। উপন্যাসটির অন্যতম সার্থকতা হচ্ছে যে কাহিনী কখনো একঘেয়ে হয়ে যায়নি।


উপন্যাসের বেশ কিছু জায়গা নির্দেশ করে যে কিভাবে সময় মানুষকে বদলে দিতে পারে, একজন দয়ালু মানুষ ও কিভাবে সময় ও পরিবেশের প্রেক্ষিতে সবচাইতে নির্মম হয়ে উঠে আর কিভাবে তার আশেপাশের মানুষ তার সেই মহানুভবতা ভুলে যায়। এবং এই ভুলে যাওয়াটাও শুধুই একটি মানবিক বৈশিষ্ট্য, এর প্রমাণ পাওয়া যায় যখন বাসন্তীর বুড়ো মা অনন্তর মুখে পোড়া খড় ঢুকিয়ে দিতে গেলেন। অথচ অনন্তর মা যে সময় অভুক্ত ছিল, এই বাসন্তীর মা ই আসন্ন অনাহার ক্লিষ্ট দিনের কথা চিন্তা না করে নিজের মুখের অন্ন ভাগ করে নিয়েছিল অনন্ত আর তার মার সাথে। ঠিক তেমনই বাসন্তী, কাদির মিয়া সময় সময় কখনও হয়ে উঠেছে মমতাময়ী মাসী কিংবা দয়াময় কৃষক যে নিজের লাভের কথা চিন্তা না করে গরীব অনাহারী শিশুদের মাঝে খাবার বিতরণ করে আবার পরমুহূর্তেই তাদের নির্মমতাও আমাদের অভিভূত করে। ভালো - মন্দ মিলিয়েই যে মানুষ সেই দর্শনই বারংবার সত্যি হয়ে চোখে পরে।
সেই বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এক অনুন্নত জনগোষ্ঠীর সমাজব্যবস্থায় ভাঙনের ঢেউ যেভাবে লেগেছিল, সেই ভাঙন আমরা আজ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও দেখি। মালোসমাজ তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ - সারি গান, ভাটিয়ালি গান, হরিবংশি গান হারিয়েছে যাত্রা দলের সস্তা গানের কাছে, আর আজ আমরা আমাদের সংস্কৃতির গৌরব গুলো প্রতিদিন হারাচ্ছি নতুন কোন সস্তা আনন্দের জন্য।







বর্ণনাশৈলী


‘তিতাস একটি নদীর নাম বাংলা উপন্যাস সাহিত্যের শ্রেষ্ঠ একটি উপন্যাস। মহৎ শিল্পের সকল বৈশিষ্ট্য এ উপন্যাসে বিদ্যমান। এ উপন্যাস পাঠে মনে হয়, বিয়োগান্তক রূপকথার নায়ক রাজপুত কিশোর, দুখিনী রাজকন্যা বাসন্তী। জীবন যাদের দিয়েছে সামান্য, নিয়েছে অনেক। যাদের জীবন ও জীবিকা তিতাস নামক নদীটিকে আশ্রয় করে। তিতাস হাসলে যারা হাসে এবং তিতাস কাঁদলে যারা নিঃশেষ হয়ে পড়ে। 

উপন্যাসের কাহিনির বুনন বাস্তবতা চমৎকার। উপন্যাসের চরিত্রগুলো লেখক যেন মনের মাধুরী মিশিয়ে তুলির আঁচড়ে এঁকেছেন। প্রবাসে যাত্রার পথে কিশোরের সৌন্দর্য-চেতনা, সামাজিক দৃষ্টিভঙ্গি চরিত্রটিকে ভিন্নতা দিয়েছে। প্রাপ্তি-অপ্রাপ্তির টানাপোড়েনে চরিত্রটি ধীরে ধীরে ফুলের মতো ফুটে উঠেছে। বাসন্তী চরিত্র আর এক শাশ্বত সৃষ্টি। যে পুরো উপন্যাসের স্বাক্ষী। অনন্ত চরিত্র কিশোরের পরিপূরক। এছাড়া কালোর মা, উদয়তারা, নয়নতারা, বনমালী, সাধু, কাদির মিয়া ছোট বড় সব চরিত্রই নিজস্বতায় আলাদা। 

উপন্যাসের অভ্যন্তরীণ জীবনদর্শন, তিতাস একটি নদীর নাম’কে আঞ্চলিক সীমা অতিক্রম করে। বিশ্বজনীনতার পথে নিয়ে গেছে। তিতাসের তীরবর্তী জেলে সম্প্রদায় মানুষদের জীবন তিতাসের উপর। নির্ভরশীল। তাদের জীবনে অভাব-দারিদ্র গাছের বাকলের মতো। দুমুঠো অন্নের জন্য তাদের নিত্য সংগ্রাম। অথচ তার নিশ্চয়তা নেই। জীবন-মৃত্যুর ভয়াবহ সন্ধিতে তাদের অবস্থান। 

ঔপন্যাসিক অভ্যন্তরীণ শক্তি ধরা পড়ে যখন বাসন্তী প্রসঙ্গে ঔপন্যাসিক লেখেন-
চরিত্র, কাহিনিচিত্র ও ঘটনাসমূহ যথাযথ বিকাশের জন্য উপযোগী ভাষা নির্মাণ করেন। এ উপন্যাসের অসামান্য কাব্যিক ভাব-ব্যঞ্জনায় ভাষা হয়ে উঠেছে শিল্প-উৎকর্ষমন্ডিত। কাহিনি, চরিত্রকে করেছে যথার্থ বিকশিত। 

মানব সত্তার জয়-পরাজয় এ ভাষায় রূপলাভ করেছে সফলভাবে। এ ভাষার অনন্তর মা যখন সূতা কাটিতে বসে, বৈশাখের উদাস হাওয়া তখন সামনের গাছ-গাছালি হইতে শুকনা পাত ঝরাইয়া লইয়া তার ঘরে ঢোকে। ... অনন্তর মার বুকের শূন্যতাটুকু তখন বেশি করিয়া তার নিজের কাছে প্রকাশ হইয়া পড়ে। 

মানুষের জীবনকে তুলনা করা হয় বহতা নদীর সাথে। জীবন যেমন কারো জন্য থেমে থাকে না, সময় যেমন প্রতিমুহুর্তে বদলায়, নদীও ঠিক তেমনি অবিরাম প্রবাহে বদলাতে থাকে। তাই নামের সার্থকতা ধরে রাখবার জন্যই যেন এ উপন্যাসও ঠিক নদীর মতই বহতা। ঠিক একক বা একাধিক চরিত্রকে কেন্দ্র করে এ উপন্যাস গড়ে উঠে নাই। তিতাস নদীর প্রবাহকে ঘিরে এ উপন্যাসের বয়ে চলা। তিতাসের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা কিছু গ্রাম, কিছু পরিবার আর কিছু মানুষ জীবনের প্রতিটা বাঁকেই যেন তিতাসের হাতেই নিজেদের সমর্পণ করে দেয়। তাদের জীবন-জীবিকা, সুখ-দুঃখ, হাসি-খেলা, আনন্দ-উৎসব, বাঁচা-মরা সবকিছুই যেন তিতাসকে ঘিরেই। অত্যন্ত সুন্দর করে উপমা দিয়ে, শব্দের পর শব্দের বুনন কারসাজিতে লেখক তিতাসের পাড়ের জীবনযাত্রার আখ্যান লিখেছেন। 

"যে পথ চিনিয়া চলে তার পথ একটি, আর যে দিশাহারা হইয়া চলে তার পথ শত শত..." 


লেখকের গভীর জীবনবোধের এমনই পরিচয় পাওয়া যাবে পুরো উপন্যাস জুড়ে, যা মনকে নাড়া দিয়ে যায়। নতুন করে ভাবতে শেখায়। তিতাস শুধু নদীর নাম নয়। তিতাস মানুষের জীবন এবং মৃত্যুর নাম, তিতাস মানুষের স্বপ্ন এবং দুঃস্বপ্নের নাম, তিতাস মানুষের আশা এবং হতাশার নাম,তিতাস একটি আশীর্বাদ ও অভিশাপের নাম।


নদী বয়ে যায়, সময় বয়ে যায়, জীবন বয়ে যায়, কাহিনীও বয়ে যায়। যুগের পর যুগ উঠে আসে ছোট ছোট বাক্যে। উঠে আসে কিশোর, সুবল, বাসন্তী, অনন্ত, অনন্তের মা, অনন্তবালা। কিন্তু মূল চরিত্র একজনই। সেই বয়ে চলা জীবন ধারণ কারী নদী তিতাস। তিতাস বর্ষায় উন্মোত্ত, তিতাস ভরা যৌবনা। মালোপাড়া তখন সুখে-প্রাচুর্যে উচ্ছল। তিতাস দূরে যায়, তিতাসে চর জাগে আর এদের বুকে জাগে হতাশা। শুকিয়ে যায় মানুষগুলো, মরে গিয়ে ধানের শীষের সাথে নিঃশ্বাসে ফিরে আসে।
‘তিতাস একটি নদীর নাম’ ক্ষীয়মান এক জনপদের নিজস্ব সংস্কৃতি আর জীবিকাকে আঁকড়ে ধরে টিকে থাকার গল্প, যেখানে ঘোরলাগা চরিত্রগুলো ভরা বর্ষার তিতাসের ঘূর্ণির মতোই আবর্তিত হয়েছে ভাগ্য কিংবা সমাজ বাস্তবতার নানা প্রতিঘাতে। এই উপন্যাসে গ্রামের দরিদ্র মালো শ্রেণীর লোকজনের দুঃখ-দুর্দশার কাহিনী ফুটিয়ে তুলেছেন। তিতাস পূর্ব বাংলার একটা খণ্ডজীবন, এটি একটি সৎ লেখা। এর মধ্যে আছে প্রচুর নাটকীয় উপাদান, আছে দর্শনধারী ঘটনাবলী, আছে শ্রোতব্য বহু প্রাচীন সঙ্গীতের টুকরো - সব মিলিয়ে একটা অনাবিল আনন্দ ও অভিজ্ঞতার সৃষ্টি বলা যায়। ‘নদীর একটা দার্শনিক রূপ আছে। নদী বহিয়া চলে… তিতাসও কতকাল ধরিয়া বহিয়া চলিয়াছে’ –

শিল্প সার্থক-মহৎ একটি রচনাই একজন লেখকের জন্য যথেষ্ট। একটি সার্থক শিল্পকর্মই স্রষ্টাকে চির স্মরণীয় করতে রাখতে পারে। তিতাস একটি নদীর নাম’ অদ্বৈত মল্লবর্মণকে সেই প্রান্তে নিয়ে গেছে। এ উপন্যাসে লেখকের জীবনাভূতি ও জীবন দর্শন অপরূপ কাহিনির মাধ্যমে যে রূপলাভ করেছে, তা যথার্থ শিল্পমান সম্মত। 


হাজার বছর ধরে আবহমান বাংলা


গোকর্ণ গ্রামের ধীবর সম্প্রদায়ের জীবনচর্চা যে আন্তরিক মমতায় অদ্বৈত মল্লবর্মন তুলে এনেছেন তার উপন্যাসে, তার তুলনা বাংলা সাহিত্যে বিরল। লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এক উপেক্ষিত সমাজের জীবন সংগ্রামের কাহিনীকে দিয়েছেন অবিনশ্বরতা। চার খণ্ড ও দুটি পরিচ্ছদে রচিত এ উপন্যাসে ‘তিতাস একটি নদীর নাম’ পর্বে তিতাস নদীর বৈশিষ্ট্য, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিতাস পাড়ের মালোদের জীবনযাত্রার পরিবর্তনের চিত্র বর্ণনা করা হয়েছে। এখানে আছে গৌরাঙ্গসুন্দর আর নিত্যানন্দ নামে দুই মালোর জীবন সংগ্রামের কাহিনী। এরাই অনন্তের মাকে নিয়ে যায় গোকর্ণঘাটে। গৌরাঙ্গ মালোর জীবন দারিদ্র্যে পিষ্ট এবং তার দিন আর চলে না তার উপস্থাপনা রয়েছে। গৌরাঙ্গের জীবনচিত্র থেকে সহজেই বোঝা যায়, তিতাসের জলের সঙ্গে তাদের জীবন বাঁধা। তিতাসে যখন জল কম থাকে তখন মালোদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। মানুষের জীবন কীভাবে নদীর পানির সঙ্গে জড়িত তারই ইঙ্গিত ফুটে উঠেছে উপন্যাসে। কত রকম পেশায় বাংলাদেশের মানুষ জড়িত সেটিও স্পষ্ট হয়। 

পুরো উপন্যাস জুড়ে লেখক আবহমান বাংলার সমাজ ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন তৎকালীন সমাজে ব্যবহৃত নানা ধরনের প্রাত্যহিক উপাদান, প্রবাদ বাক্য, জারি গান, সারি গান, নৌকা বাইচ, লোক সংগীত, বারমাসি গান ইত্যাদির মাধ্যমে। যেমন-

  • প্রবাদ বাক্য- “কাকের মুখে সিন্দুইরা আম”।

  • ব্রত সংগীত- “সখি এত ফুলের পালঙ রইলো,

                           বাই কালাচাঁদ আইলো”।


  • বারমাসি গান- “হায় হায়রে, এহিমত পৌষ না মাসে পুষ্প অন্ধকারী।

                             এমন সাধের যৈবন রাখিতে না পারি।।

                             কেহ চায় রে আড়ে আড়ে চায় রে রইয়া।

                             কতকাল রাখিব যৈবন লোকের বৈ্রী হইয়া”।


  • সারি গান- “আম গাছে আস নাই ইটা কেনে মারো,

                         তোমায় আমায় দেখা নাই আঁখি কেনে ঠার”।।

                         তুমি আমি করলাম পিরীত কদম তলায় রইয়া,

                         শত্তুরবাদী পাড়াপড়শি তারা দিল কইয়া”।।


  • নৌকা বাইচ- “আকাঠ মান্দাইলের নাও, ঝুনুর ঝুনুর করে নাও,

                            জিত্যা আইলাম রে নাওয়ের গলুই পাইলাম না”।।


  • জারি গান- “জয়নালের কান্দনে, মনে কি আর মানে রে, বিরিক্ষের পত্র ঝরে”।


                                “মনে লয় উড়িয়া যাই কারবালার ময়দানে’।


                             “বাছা তুমি রণে যাইও না, চৌদিকে কাফিরের দেশ,

                                জহর মিলে ত পানি মিলে না”।


উপন্যাসের শেষভাগে গোকর্ণ গ্রামকে করে তোলা হয়েছে যেন এক হতাশাগ্রস্ত জনপদ। দেখে চেনার উপায় নেই এখানে একদন জনবহুল এক মালোপাড়া ছিল। মালোপাড়ায় আর মালোরা নেই আছে শুধু জল। হায়রে তিতাস! মালো সম্প্রদায়ের মানুষ কোনো কিছুর জন্য শপথ করলে তিতাসের জল নিয়েই শপথ করত। তাদের বিশ্বাস ছিল – তিতাস তাদের সঙ্গে ছলনা করবে না। অথচ মালোদের সেই বিশ্বাসকে তিতাস রিক্ত করে দেয়। মালোরা উদ্বাস্তু হয়ে যায় তিতাস থেকে। নদী তাদের আর মায়ের মতো আশ্রয় দেয় না। তিতাসের কোলে জন্মানো তিতাসের সন্তানরা তিতাসেই হারিয়ে যায়। তিতাস পাড়ের মালোদের ঘরবাড়ি সম্পর্কে উপন্যাসের ‘শূন্য ভিটাগুলিতে বর্ণনায় আছে’ ‘গাছ-গাছড়া হইয়াছে। তাতে বাতাস লাগিয়া শোঁ শোঁ শব্দ হয়। এখানে পড়িয়া যারা মরিয়াছে, সেই শব্দে তারাই বুঝি বা নিঃশ্বাস ফেলে।’

অস্বীকারের উপায় নেই যে – ‘তিতাসের গৌরবান্বিত বর্ণনায় উপন্যাসের কাহিনী শুরু হলেও শেষ হয় দীর্ঘ হতাশার মধ্য দিয়ে। নদী কীভাবে মানুষের কবিতা হয়ে ওঠে সেটি এ উপন্যাসে ফুটে উঠেছে। প্রায় প্রতিটি চরিত্রই শেষ পর্যন্ত হেরে গেছে তিতাসের রূপ পরিবর্তনের কাছে। তিতাসের বুকে চর জেগে ওঠায় তিতাস তার সন্তানদের মতো নুইয়ে পড়েছে।’ দেখা যায় উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত বাসন্তী আর কিশোরের পিতা রামকেশব জীবিত থাকে। দুজনেই নিঃস্ব, রিক্ত। রামকেশব তার পুত্রকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল তা ধূলিসাৎ হয়ে যায়। কিশোর অনন্তের মাকে বিয়ে করার পর যখন স্ত্রী হারিয়ে পাগল হয়ে যায় তারপরও আশাভঙ্গের বেদনা নিয়ে শেষ পর্যন্ত রামকেশব বেঁচে থাকে। চোখের সামনে পুত্রের এ নির্মম ট্রাজেডিতে বিধ্বস্ত হয় পিতা রামকেশবের দেহমন। আর অনন্তের মা শেষ পর্যন্ত ঠাহর করতে পারে কিশোরই ছিল তার স্বামী। কিন্তু যখনই সে কিশোরের সেবা শুরু করে তখনই সমাজ বাধা হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত গণপিটুনীতে দুজনই মারা যায়। মিশে যায় সব অনুভূতি তিতাসের জলে।


















তিতাস নদীর সেকাল - একাল 


একসময়ের স্রোতস্বিনী তিতাস নদীর বুকে জেলেরা মাছ ধরত, হৈ-হুল্লোড় করত। অদ্বৈত মল্লবর্মণ এই নদীর তীরে বসেই লিখেছিলেন বিখ্যাত উপন্যাস 'তিতাস একটি নদীর নাম'। তিতাস নদীর নামের মহিমা প্রতিষ্ঠা করেছেন তিতাস পারের সন্তান অদ্বৈত মল্লবর্মণ। ১৯১৪ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়ির তিতাস পারের গোকর্ণ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। গোকর্ণ গ্রামের অন্য নাম ছিল গাবরপাড়া, অদ্বৈত সেই গোকর্ণ তথা গাবরপাড়ায় জন্ম নিয়ে প্রত্যক্ষ করেছিলেন নানা ধরনের কৃত্য, গান, উৎসব ইত্যাদি এবং সেই সঙ্গে নিম্নবর্গের মানুষের জীবনসংগ্রাম। তিতাস পারের জনমানুষের সংস্কৃতি ও সংগ্রামের গভীর পর্যবেক্ষক হয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ভাবসলিলের দার্শনিক বনে গিয়েছিলেন বৈকি, তাহলে তিনি কী করে এক সাদামাটা তিতাস নদীর বর্ণনা দিতে গিয়ে বললেন, তিতাস নদীটি 'সত্যের মতো গোপন হইয়াও বাতাসের মতো স্পর্শপ্রবণ।' কিন্তু বর্তমানে তিতাসের বুক শুকিয়ে কৃশকায় হয়ে গেছে আর টলটলে জলের ওপর দিয়ে চলছে ইঞ্জিনচালিত গতিশীল নৌকার বহর, এমনকি তিতাসের ম্রিয়মান কূলজুড়ে দ্রুতগামী স্পিড বোটের অপেক্ষা, মাছের পরিবর্তে বাঁশের ব্যবসার প্রসার। এসব দৃশ্য নিশ্চিতভাবেই অদ্বৈত মল্লবর্মণের বাস্তব চোখে দৃশ্যমান ছিল না, হয়তো কল্পনার চোখেও ভিড় করেনি কোনো দিন; কিন্তু আজ থেকে বহু বছর আগে তিতাস নদীর যে ইতিহাস 'তিতাস একটি নদীর নামে' লিপিবদ্ধ করেছিলেন, তা ছিল তৎকালের বাস্তব চিত্র অর্থাৎ অদ্বৈত তাঁর প্রত্যক্ষ নিজের কালের প্রবাহিত তিতাস পারের মানুষের কথামালা অকৃত্রিম আবেগে উপস্থাপন করেছিলেন। আমাদের কালে এসে নতুন করে তিতাসের পারে গিয়ে অদ্বৈতের কালকে তথা সেকালকে বিবেচনা করলে দেখা যাবে যে তিতাস নদীর এপার-ওপার দুই পার দিয়ে বৈদ্যুতিক লাইনের খাম্বা ও তার ছড়িয়ে গেছে, কোথাও মোবাইল ফোনের টাওয়ার বাতাসের স্পর্শপ্রবণতাকে নতুন করে কাজে লাগাচ্ছে আর আরেক গোপন সত্য জনজীবনের সঙ্গী হয়ে প্রকাশ পাচ্ছে নিত্যই; আর তা হচ্ছে দ্রুত পেশা বদলে 'তিতাস একটি নদীর নামে' বর্ণিত সংস্কৃতি-কৃত্য-মেলা-গান অনেক কিছুর মধ্যে অদলবদল ঘটছে দ্রুত। 'তিতাস একটি নদীর নামে' বর্ণিত জনমানুষের জীবন, সংস্কৃতি ও সংগ্রামের কথামালা এখন শুধু ইতিহাস, হয়তো অনেক কিছু সাম্প্রতিক জীবনের অংশ হতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মৎস্য পেশার দিন রূপান্তর হচ্ছে অন্যভাবে, কেননা তিতাসের জল শুকিয়ে যাচ্ছে, তিতাসের বুকে এখন জল-মৎস্যের পরিবর্তে জেগে উঠছে চর, আর সবুজ ধানের ক্ষেত, বহুমুখী নতুন ব্যবসার আগ্রাসন শুরু হয়েছে, শুরু হয়েছে শিক্ষার প্রাতিষ্ঠানিক তৎপরতা, সংস্কৃতির প্রতি বিমুখিতা, নৌকাবাইচ আর হবেই বা কী করে, নদীর জলই যদি না থাকে। 

অদ্বৈত মল্লবর্মণ 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি শুরু করেছিলেন এভাবে- 'তিতাস একটি নদীর নাম। তার কূলজোড়া জল, বুকভরা ঢেউ, প্রাণভরা উচ্ছ্বাস। স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়।' অদ্বৈতের এই বর্ণনার সঙ্গে সাম্প্রতিককালে প্রবাহিত তিতাসের এক ফোটা সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে না ।অদ্বৈত বলেছিলেন, 'কিন্তু তিতাসে কত জল! কত স্রোত! কত নৌকা! সব দিক দিয়াই সে অকৃপণ।' বর্তমানে তিতাসের দিকে তাকালে এই বর্ণনার সঙ্গে তেমন ঐক্য প্রত্যক্ষ করা খুবই বিরল হবে। কেননা তিতাস এখন জল, স্রোতধারা, নৌকার পরিবর্তে বুকে ধান চাষের আবাদেই অধিক অকৃপণ হয়ে গেছে। ক্রমাগত প্রাকৃতিক পরিবর্তনে তিতাস যেভাবে মৃত্যুমুখে পতিত হচ্ছে 'সত্যের মতো গোপনে' তথা আমাদের চোখের সামনেই, তাতে তিতাস নদীর নামের তাৎপর্য এটুকুই থাকবে যে অদ্বৈত মল্লবর্মণ তিতাসের নামে একটি উপন্যাস লিখেছিলেন এবং যাতে তিনি স্থান দিয়েছিলেন বিংশ শতকের তিতাসের পারের জনগোষ্ঠীর সংস্কৃতি, অর্থনীতি, সমাজ, ধর্ম, সংগীত, উৎসব, নৃত্য, কৃত্য, জীবনাচার ইত্যাদির সামগ্রিক পরিচয়। তিতাসের জনধারার সেকালই হয়ে থাকবে চিরকালীন ইতিহাস, চিরায়ত বাংলার দর্পণ।












তুলনামূলক বাংলা সাহিত্য


বিশ শতকের বাংলা উপন্যাসে যে দুটি ধারা বহমান তার একটি হচ্ছে ‘নিম্নবর্গ মানুষের আখ্যান’। একটু পেছন ফিরলে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধোত্তর আর্থ-সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে-‘কল্লোল’ (1923) গোষ্ঠীর কথাসাহিত্যিকরা তাদের লেখায় নিম্নবর্গের মানুষের জীবন তুলে ধরতে সচেতন হন। নরেশচন্দ্র সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র প্রমুখের রচনায় নিম্নবর্গের মানুষের জীবন রূপায়ণে অভিজ্ঞতাপ্রসূত ধারার সূচনা ঘটে। তবে কথাসাহিত্যে নিম্নবর্গের জীবনবৈচিত্র্য রূপায়ণে তিন বন্দ্যোপাধ্যায় মানিক, তারাশঙ্কর ও বিভূতিভূষণের দক্ষতা অপরিসীম। গবেষক ড. মিল্টন বিশ্বাস বলেন, ‘বিংশ শতাব্দীর পরিবর্তনশীল আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতির প্রেক্ষিতে তাদের সাহিত্যকর্ম হয়ে ওঠে নবতর সমাজভাবনার শিল্পমণ্ডিত রূপ। সামাজিকভাবে নিচু কিংবা যারা উচ্চবর্গের কাছে অপ্রধান জনগোষ্ঠী, তাদের জীবনের বাস্তবতা, জৈবপ্রবৃত্তি, নর-নারী সম্পর্কে প্রচলিত নীতিশাসন বহির্ভূত আচরণ, উচ্চবর্গের শোষণ-শাসন ও এর প্রতিক্রিয়ায় প্রতিবাদ-প্রতিরোধ, জীবনাচার, সংস্কার ও জীবনযাপনের রীতি-পদ্ধতির সম্যক উন্মোচন লক্ষ্য করা যায় এসব উপন্যাসে।’ বলা যায়, অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে নিম্নবর্গের আখ্যান তুলে ধরা এ ধারাবাহিকতারই অংশ।

‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের বিষয়বস্তু নির্বাচন, চরিত্র-চিত্রণ এবং প্রকাশভঙ্গিগত কারণে এ উপন্যাসের শ্রেষ্ঠত্ব সম্পর্কে সন্দেহের অবকাশ নেই। অদ্বৈত মল্লবর্মনের জীবনীকার অধ্যাপক শান্তনু কায়সারের মতে, ‘তিতাস জীবনের শেকড় প্রাকৃত জীবনের গভীরে প্রোথিত। এ প্রাকৃত জীবনকে বাইরে থেকে যতই সরল দেখাক, এর ভেতরে প্রবেশ করলে দেখা যাবে, তা বহু ভঙ্গিমা বৈচিত্র্যের অধিকারী। সারল্যের মধ্য দিয়ে এ বৈচিত্র্যর অনুসন্ধান করেছে ঔপন্যাসিক ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে। ফলে নদীকেন্দ্রিক বাংলা সাহিত্যের উপাদানগুলোর মধ্যে অন্য যে উপন্যাসটি প্রাকৃত জীবনকে ধারণ করেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত সেই ‘পদ্মা নদীর মাঝি’র সঙ্গে তুলনা করলেও ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি অনন্য হয়ে ওঠে।’ অস্বীকার করা যাবে না, নদী অববাহিকায় বসবাসরত ধীবর সম্প্রদায়ের মানুষ মাছ ধরে নৌকা বেয়ে জীবন অতিবাহিত করে। জীবন জীবিকার জন্য এ শ্রেণির মানুষ দিনরাত পরিশ্রম করলেও প্রাচুর্যের মুখ কখনো দেখে না। অভাব-অনটন আর তাদের জীবন যেন একই সুতোয় গাঁথা। তবু এ দুঃখ দারিদ্র্যপূর্ণ জীবনে আসে প্রেম-ভালোবাসা। সেখানেও নিরবচ্ছিন্ন সুখ মেলে না। সংসার জীবন কাটে দুঃখ দারিদ্র্যে। অদ্বৈত মল্লবর্মন সেই দৈন্যপীড়িত মানুষের মুখ এঁকেছেন ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে। প্রাকৃতিক নিয়মে এক সময় নদীতে চর পড়ে। নদী তার যৌবন হারায়। সেই সঙ্গে শেষ হয় নদীর মাছ ও জলের তরঙ্গ। নিরুপায় জেলেরা বেঁচে থাকার তাগিদে তাদের যুগ-যুগান্তরের আবাস ছেড়ে জীবিকা অন্বেষণে অন্যত্র পাড়ি জমায়। আবার কেউ উপায়ন্তর না পেয়ে সেখানেই থেকে যায়। তখন তাদের দুঃখের সীমা আরো দীর্ঘায়িত হয়। এ যেন এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। অসহায় তিতাস পারের এসব দরিদ্র মানুষের দীর্ঘশ্বাস চিত্রিত হয়েছে ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে।

এ উপন্যাসের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তিতাশ চৌধুরী তার ‘অদ্বৈত মল্লবর্মন ও অন্যান্য প্রবন্ধ’ গ্রন্থে উল্লেখ করেছেন, “পৃথিবীর সাহিত্যের ইতিহাসে অন্ত্যজ শ্রেণি থেকে উঠে আসা স্বশিক্ষিত ও সুশিক্ষিত গাল্পিক ও ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মনের মতো আর কেউ আছেন বলে আমার জানা নেই। সে জন্যই তার উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ স্বকীয় বৈশিষ্ট্য উজ্জ্বল। এর সঙ্গে কারো উপন্যাসই মেলানো যায় না। তিনি যাদের মধ্য থেকে বড় হয়েছেন তাদের কাহিনী নিয়েই উপন্যাসের ঘটনাবলি সাজানো হয়েছে। তিতাস নদীর তীরে জেলেদের গ্রাম। সে গাঁয়ে তারা যুগ যুগ ধরে বসবাস করে। তাদের জীবিকা নির্বাহ হয় তিতাসের বুক থেকে।” ‘তিতাস’ যে পৃথক একটি সত্তা এবং ‘কঠিন বাস্তব ছাঁচে বানানো অপরূপ শিল্পিত জীবন গাঁথা’ সে বিষয়ে কোনো সন্দেহ থাকে এ মূল্যায়নে। অদ্বৈত মল্লবর্মন জীবন ঘষে রচনা করেছিলেন এ উপন্যাসটি যা তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছে। বাস্তবতা এই যে তাঁর জীবদ্দশায় উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয়নি। প্রতিটি মানুষ বড় হয়ে ওঠে তার পারিবারিক ও পারিপার্শ্বিক নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে। অর্জিত হয় নানা অভিজ্ঞতা। এ অভিজ্ঞতার চিরন্তন রূপ দিতে পারেন শুধু দূরদৃষ্টি সম্পন্ন লেখক। অদ্বৈত মল্লবর্মন মালোপাড়ায় জন্মেছিলেন। সেই মালোদের জীবনের সঙ্গে ছিল তাঁর প্রাণের স্পন্দন। সঙ্গত কারণেই এ স্পন্দনকে তিনি যোগ্যতার সঙ্গে তুলে ধরেছেন উপন্যাসে। রাইন, সীন বা দানিয়ুবের মতো ক্ষুদ্র নদী তীরে যেমন গড়ে উঠেছে নদীকেন্দ্রিক ইউরোপীয় সভ্যতা তেমনি তিতাসের তীরেও গড়ে উঠেছিল এক সৃষ্টিশীল জীবন ও সাংস্কৃতিক ঐতিহ্য। উপন্যাসের ভূমিকায় যা তিনি উল্লেখ করেছেন। তিনি আরো লিখেছেন – ‘কত নদীর তীরে একদা নীল-ব্যাপারীদের কুঠি-কেল্লা গড়িয়া উঠিয়াছিল। তাদের ধ্বংসাবশেষ এখনো খুঁজিয়া পাওয়া যায়। কত নদীর তীরে মোগল-পাঠানের তাঁবু পড়িয়া আছে, মগদের ছিপনৌকা রক্ত-লড়াইয়ে মাতিয়াছে-উহাদের তীরে তীরে কত যুদ্ধ হইয়াছে। মানুষের রক্তে হাতিঘোড়ার রক্তে সেসব নদীর জল কত লাল হইয়াছে। আজ হয়তো তারা শুকাইয়া গিয়াছে, কিন্তু পুঁথির পাতায় রেখা কাটিয়া রহিয়াছে। তিতাসের বুকে তেমন কোন ইতিহাস নাই। সে শুধু একটা নদী।’

লক্ষণীয় যে, বাংলাভাষী ভূ-খণ্ডের আর্থ-সামাজিক সংস্থান, উৎপাদন কাঠামো, শ্রেণিবিন্যাস ও সমাজ বিবর্তনের ক্রমধারায় উপন্যাসে বিষয়বৈচিত্র্য ও চরিত্রচিত্রণে নিম্নবর্গের প্রাধান্য সুস্পষ্ট। নিম্নবর্গের বহুমাত্রিক আচরণ, জীবন বাস্তবতা, কৌমসংস্কৃতির সারবত্তা উপস্থাপিত হয়েছে ঔপন্যাসিকদের অনেক আখ্যানে। উপন্যাসের যাত্রালগ্নে সাধারণ মানব-মানবীর জীবন অবলোকন সূত্রে কোনো কোনো ক্ষেত্রে নিম্নবর্গের মানুষের জীবন উন্মোচিত হয়েছে। ‘আলালের ঘরের দুলাল’ এর ঠকচাচা, ‘কপালকুণ্ডলা’র নির্মম ধর্মসাধনায় নিয়োজিত কাপালিক, ‘ইন্দিরা’, ‘রজনী’, ‘বিষবৃক্ষ’ ও ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের নারী চরিত্রগুলো নিম্নবর্গের অন্যতম নিদর্শন। বিষবৃক্ষের হীরা দাসীর চরিত্রটি নারীর নিম্নবর্গত্বের ব্যতিক্রমী রূপায়ণ হিসেবে স্বীকৃত। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’র বিনোদিনী নিরাশ্রয় নারীর নিম্নবর্গত্বকে প্রকাশ করে। অদ্বৈত মল্লবর্মন ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে সরাসরি মালো জীবনের দুঃখগাথা অঙ্কন করেছেন। এ সম্প্রদায়ের জীবন যথাযথ রূপায়ণের যে চেষ্টা এ উপন্যাসে দেখা যায় তা অত্যন্ত বাস্তব। তিতাস তীরবর্তী গ্রামগুলোর সবুজের ছড়াছড়ি ও পাকা ধানের মাদকতাময় গন্ধ পাঠককে নিয়ে যায় ভিন্ন এক জগতে। সেই সঙ্গে পাঠকের সামনে উন্মোচিত হয় সহজ-সরল গ্রাম্য  মানুষের মুখচ্ছবি। ছোট-বড় অনেক চরিত্রের সমন্বয়ে এ উপন্যাস রচিত। অদ্বৈত সৃষ্ট কিশোর, সুবল, অনন্ত, বনমালী প্রমুখ অসংখ্য চরিত্র স্বকীয়তায় সমুজ্জ্বল। এ চরিত্রগুলোর মাধ্যমে মালো জীবনের পূর্ণাঙ্গ পরিচয় তিনি তুলে ধরেছেন। তুলে ধরেছেন তাদের দুঃখ-দুর্দশা, অভাব-অনটনে বিপর্যস্ত জীবন। বিভিন্ন মত-পথ, ধর্ম-বর্ণের লোক কীভাবে একত্রে পরম ধৈর্যের সঙ্গে কষ্টগুলো অতিক্রম করে যেতে পারে পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে তা স্পষ্ট হয় এ উপন্যাসে। চরিত্রগুলোর মুখে আঞ্চলিক ভাষার প্রয়োগ ও যথাযথ পরিবেশ বর্ণনার চেষ্টায় সফল হয়েছেন ঔপন্যাসিক।
















উপসংহার


নদী এবং নদীর সম্পদ মাছ নিয়ে বাংলাসাহিত্যে অনেক উপন্যাস-ছোটগল্প রচিত হলেও অদ্বৈত মল্লবর্মন এর ‘তিতাস একটি নদীর নাম’ এমন একটি সৃষ্টি, যা বাংলা সাহিত্যকে অনেক ওপরে তুলে ধরতে সহায়তা করেছে। তাঁর কালজয়ী ' তিতাস একটি নদীর নাম' উপন্যাস ভাগ্যবিড়ম্বিত দুস্থ মানুষদের জীবনালেখ্য। তিতাস নদীর বিক্ষিপ্ত ঢেউ তীরবর্তী মানুষের জীবনে বয়ে আনে যে দোলাচল, তারই যথার্থ শিল্পী তিনি। তার এ উপন্যাসটি কেবল জীবনচিত্র নয়, সফল শিল্পকর্ম হিসেবেও স্বীকৃত। 

এ উপন্যাসে চরিত্র, কাহিনি, ভাষা, প্লট এক অভিনব শিল্পমানে উত্তীর্ণ। এ উপন্যাসে তিতাস কেবল একটি স্রোতময় নদী নয়, তিতাস এ অঞ্চলের মানুষের সৌভাগ্য-দুর্ভাগ্যের প্রতীক। মালোদের জীবন- প্রবাহ এ নদীর প্রবাহের সাথেই জড়িয়ে আছে। এ নদী ছাড়া তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এ নদীতে তাদের কেউ মাছ ধরে, কেউ মাঝিগিরি করে জীবিকা নির্বাহ করে। আবার তিতাস যখন মাছশূন্য হয়ে পড়ে, তখনও তিতাসের শূন্য বুকে নৌকা ঠেলে দূর-দূরান্তে কাজের সন্ধানে যায়। আর তিতাস যখন মারা যায়, মালোরাও তখন মারা যায়। তিতাস নদী ও মালোদের জীবন এক আমৃত্যু বন্ধনে আবদ্ধ। 

তিতাস একটি নদীর নাম উপন্যাসটি যুগযুগ ধরে পাঠককুলকে নাড়িয়ে দেয়, প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়। এসব কারণে, এটি একটি কালজয়ী উপন্যাস তাতে কোন সন্দেহ নেই।

Chinua Achebe and the Decolonial Imperative

  Chinua Achebe and the Decolonial Imperative Dear Students, Assalamu Alaikum. I need a huge favor from you. I am conducting an anonymous re...